২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকাডুবি: দিনমজুরকে করা হলো আসামি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নৌকার মালিক ও মাঝির বদলে নির্দোষ দিনমজুরকে আসামি করার অভিযোগ ওঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

কিশোরগঞ্জ, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নৌকার মালিক ও মাঝির বদলে নির্দোষ দিনমজুরকে আসামি করার অভিযোগ ওঠেছে। গত ২৫ এপ্রিল বৌলাই নদীতে পাথারকান্দি এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহনের কারণে লিজা-১ নামে ইঞ্জিনচালিত একটি নৌকা ডুবে তিন শিশু ও দুই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বাদী হয়ে অতিরিক্ত মালামালসহ বেপরোয়া নৌযান চালিয়ে হত্যার অভিযোগ এনে ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের গোলাপ মিয়া (২৫) নামে একজনকে আসামি করে মামলা করেন। ওই দুর্ঘটনার সময় নৌকায় না থাকলেও গোলাপকে আসামি করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনা কবলিত নৌকার মালিক খলাপাড়া গ্রামের বাচ্চু মিয়া। তার ছোট ভাই স্বপন মিয়া ঘটনার দিন ওই নৌকার চালক ছিলেন। ওই নৌকার যাত্রী ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নূরুল ইসলাম ও কেওয়ারজোড় ইউনিয়নের নুরপুর গ্রামের কৃষক ইমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোলাপ আমাদের পূর্ব-পরিচিত। সেদিন নৌকায় সে ছিল না। সে খুবই নিরীহ প্রকৃতির ছেলে। ঘাগড়া খেয়া ঘাটের ইজারাদার মাসুক এবং জুয়েলও নৌকায় গোলাপের না থাকার বিষয়টি নিশ্চিত করেন। তাদের অভিযোগ, প্রকৃত আসামিদের বাঁচাতে অনৈতিকভাবে গোলাপকে আসামি করা হয়েছে। ঘাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল বলেন, “গোলাপ একজন দিনমজুর। দুর্ঘটনা কবলিত নৌকায় না থাকার পরও কেন তাকে আসামি করা হলো তা বুঝতে পারছি না।” এ ব্যাপারে মামলার বাদী এসআই মো. আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী আসামি করা হয়েছে। এখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তার না থাকার প্রমাণ পেলে তাকে বাদ দিয়ে নতুন কাউকে আসামি করতে পারে।” ওসি জাহাঙ্গীর আলম জানান, তদন্তের ভিত্তিতেই গোলাপকে আসামি করা হয়েছে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে দিনমজুর গোলাপকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মিঠামইন সার্কেলের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭৩৭ ঘ.