২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-সিলেট রেলপথে চালু হচ্ছে কালনী এক্সপ্রেস

এ নিয়ে ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর ট্রেনের সংখ্যা দাঁড়াবে চারটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 09:16 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

মঞ্জুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীদের সুবিধার জন্য ঢাকা-সিলেট রুটে মঙ্গলবার থেকে চালু হচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’। এরই মধ্যে এই ট্রেনের টিকেট বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনটির যাত্রা উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটি মঙ্গলবার দুপুর ৩টায় ঢাকা থেকে ছেড়ে রাত ৯টা ১৫ মিনিটে সিলেট পৌঁছবে। সিলেট থেকে বুধবার সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে দুপুর ১টায় ঢাকায় পৌঁছাবে। প্রতিদিন এই সময়সূচি অনুযায়ীই ঢাকা-সিলেট রুটে চলাচল করবে এটি। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্তঃনগর ট্রেনটি যাত্রা পথে মাইজগাঁও, কুলাউড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ঢাকা-সিলেট রুটে বর্তমানে পারাবত, জয়ন্তিকা ও উবপন নামে তিনটি আন্তঃনগর ট্রেন চালু রয়েছে। কালনী এক্সপ্রেস চালু হলে এ সংখ্যা দাঁড়াবে চারটিতে। আগের তিনটি আন্তঃনগর ট্রেন আগের সময়সূচি অনুযায়ী চলবে বলে তিনি জানান। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত সিলেটে গত ডিসেম্বরে এক জনসভায় ঢাকা-সিলেট রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দেন। সুরঞ্জিতের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। এই গ্রামের একটি নদীর নাম কালনী। ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির জন্য গত ১৬ এপ্রিল সুরঞ্জিত পদত্যাগ করার পর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে। সুরঞ্জিতকে করা হয় দপ্তরবিহীন মন্ত্রী। বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনটিতে ১২টি বগি থাকছে। জার্মানি, কোরিয়া, রোমানিয়া, ভারত ও হাঙ্গেরির তৈরি বগিগুলো চট্টগ্র্রামের পাহাড়তলীর রেলওয়ের কারখানায় মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৩১৬ ঘ.