২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালনকালে নেত্রকোণায় সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2012, 09:57 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

নেত্রকোনা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালনকালে নেত্রকোণায় সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। রোববার সকালে শহরের ছোটবাজারে বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা রাস্তায় বের হওয়ার পরপরই এই সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড গুলি ছোড়ার পাশাপাশি দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- বিএনপি নেতা গোলাম সারোয়ার বাবুল ও ছাত্রদল নেতা তৌফিক খান মিল্কি। নেত্রকোণা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের নামে রাস্তায় নেমে যানবাহন ভাঙচুর শুরু করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে ১০জন পুলিশ সদস্যকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ দুই রাউন্ড শটগানের গুলি ছুড়েছে বলেও জানান তিনি। জয়দেব কুমার জানান, বিএনপির হামলায় পুলিশের এসআই মামুন, কনস্টেবল মাসুদ আলম, আব্দুল মান্নান, বিপুল, আক্তার হোসেন, আইয়ুব আলীসহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। এতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, খন্দকার সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক তৌফিক খান মিল্কিসহ কমপক্ষে ৪০/৪২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৫৫১ ঘ.