২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা উপেক্ষিত’

মুক্তিযুদ্ধে বামপন্থী রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকলেও তা যথাযথভাবে উপস্থাপন না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:20 AM

চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বামপন্থী রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকলেও তা যথাযথভাবে উপস্থাপন না হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো। তিনি শনিবার চট্টগ্রামে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বলেন, মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভূমিকা মিডিয়ায় প্রচার পায় না। কিন্তু তাদের বিরাট ভূমিকা রয়েছে। “বামপন্থীদের যেখানে যে ভূমিকা রয়েছে, তা যথাযথভাবে তুলে ধরা উচিত। এ নিয়ে নীরব থাকা ইতিহাস বিকৃতির শামিল।” মুক্তিযুদ্ধে সিপিবির তৎকালীন নেতা মনি সিংহ প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়ন যৌথভাবে গেরিলা দল গঠন করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। এছাড়া আলাদাভাবে অস্ত্র ধরেছিল অন্য কয়েকটি বামপন্থী দলও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, এক সময়ের বামপন্থী নেতা কাজী জাফর আহমদ বলেন, “হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক যে গ্রন্থ সম্পাদনা করেছেন, সেখানে মুক্তিযুদ্ধে বামদর ভূমিকার অনেক কিছুই বাদ দেয়া হয়েছে।” অ্যাডভোকেট মৃদুল গুহ রচিত ‘মুক্তিযুদ্ধে বামধারা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রনো ও জাফর। সৈয়দ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অশোক দাশ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/২২১৫ ঘ.