২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ার জনসভায় খালেদা জিয়া

১২ মার্চ ঢাকার নয়া পল্টনে সমাবেশের পর এটাই বিএনপি চেয়ারপারসনের প্রথম জনসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2012, 04:09 AM

Updated : 24 Aug 2022, 11:20 AM

গাজীপুর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ায় জনসভাস্থলে পৌঁছেছেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। ১২ মার্চ ঢাকার নয়া পল্টনে সমাবেশের পর এটাই তার প্রথম জনসভা। কাপাসিয়ার ঘাগটিয়া চালা ওয়েলফেয়ার মাঠে শনিবার বিকাল সোয়া ৫টায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন। তিনি মঞ্চে উঠলে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থক করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুল রহমানের সভাপতিত্বে এই জনসভায় গাজীপুর ছাড়াও নরসিংদীসহ আশ-পাশের এলাকাগুলো থেকে নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। জনসভাস্থলে জিয়াউর রহমান, খালেদা ও তারেক রহমানের প্রতিকৃতি টানানো রয়েছে। ঢাকা থেকে কাপাসিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে কয়েকশ’ তোরণ ও ব্যানার-ফেস্টুন টানানো হয়। তবে শ্রীপুরের মীর সুপার মার্কেট, ধলাদিয়া বাজার, রাজাবাড়ি বাজার প্রভৃতি স্থানে বিএনপির নির্মিত তোরণ ভাঙা ও ব্যানার-ফেস্টুন ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি পূরণে বর্তমান সরকারকে আগামী ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন খালেদা জিয়া। দাবি পূরণ না হলে ১১ জুন পুনরায় ঢাকা সমাবেশ করে নতুন কর্মসূচি দেওয়ার কথা রয়েছে। নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবির পাশাপাশি এম ইলিয়াস আলীর সন্ধান এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবির মধ্যে গাজীপুরে খালেদার এই জনসভা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এমআই/১৬২৪ ঘ.