আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাজীপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাওনা টাকার জন্য গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক রিকশাচালককে পায়ে শিকল বেঁধে এক ব্যবসায়ী রাতভর নির্যাতন চালিয়েছেন বলে এলাকাবাসী জানায়।
শুক্রবার বিকালে শিকল বাঁধা অবস্থাতেই চান্দরা উত্তরপাড়ার ওই ব্যবসায়ীর বাড়ি থেকে রিকশাচালক শাকিল মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ব্যবসায়ী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
শাকিল (২৫) গাইবান্ধার গবিন্দগঞ্জ থানার ধরবস্ত খামারপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি পল্লীবিদ্যুত এলাকায় ভাড়া থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এলাকার বাজেমালের দোকানদার সিরাজুলের দোকান থেকে মাঝে মাঝে বাকিতে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিতেন।
কালিয়াকৈর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে মালামাল নেওয়ার ফলে সিরাজুলের দোকানে শাকিলের প্রায় দুই হাজার টাকা পাওনা হয়।
সিরাজুল কয়েকবার তাগাদা দেওয়ার পরেও শাকিল টাকা দিতে পারছিলেন না। এ কারণে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজুল এপেক্স কারখানার সামনের রাস্তা থেকে শাকিলকে ধরে নিজ বাড়িতে নিয়ে যান।
“বাড়িতে নিয়ে পায়ে শিকল বেঁধে তালা মেরে একটি ঘরে আটকে রাখেন এবং রাতভর তার উপরে নির্যাতন চালান। এসময় তিনি অভুক্ত ছিলেন,” বলেন ওসি।
বিকালে বিষয়টি এলাকাবাসী টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৩৮ ঘ.
bdnews24