ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেট প্রণয়নের ঠিক আগে আগে না করে পরিকল্পনা শুরুর সময় থেকেই প্রাক-বাজেট আলোচনা শুরু করলে তা ফলপ্রসূ হবে বলে মনে করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, “সাধারণত বছরের আগস্ট মাস থেকে মন্ত্রণালয়গুলো বাজেট প্রণয়নের প্রাথমিক কাজ শুরু করে। আমার মনে হয়, এ ধরনের আলোচনাগুলো তখনই শুরু হওয়া উচিৎ।”
“কিন্তু আমাদের দেশে তা কখনোই হয় না”, হতাশা প্রকাশ করেন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, “আমরা যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত। যান্ত্রিকতা পরিহার করে যথাযথ পরিকল্পনা গ্রহণ না করলে কখনোই দেশের ভবিষ্যত পরিবর্তন করা সম্ভব নয়।”
দেশের সামগ্রীক উন্নয়নের জন্য অঞ্চলভিত্তিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে জাতীয় বাজেট প্রণয়নের ওপর জোর দেন তিনি।
শওকত আলী বলেন, “দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অঞ্চলভিত্তিক উন্নয়ন প্রয়োজন। জাতীয় বাজেটেও এর প্রতিফলন থাকতে হবে।”
সামগ্রিক উন্নয়নের জন্য প্রশাসনের বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়ে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক-সুজনের সদস্য সচিব বদিউল আলম মজুমদার বলেন, “কেন্দ্রীয় শাসনব্যবস্থায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন সামান্যই পৌঁছায়।”
বাজেট স্থানীয় পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে তিনি বলেন, “তেলো মাথায় তেল দিলে বৈষম্য আকাশচুম্বি হবে। এ প্রবণতার কারণে দৃশ্যতঃ দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পেলেও ধনী ও গরীবের বৈষম্য বাড়ছে।”
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইফুদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ও উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম মর্তুজা আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/জেকে/২১০০ ঘ.
bdnews24