সৈয়দ নাহাস পাশা
লন্ডন থেকে
লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুবককে অপহরণ ও নির্যাতনের মামলায় এক নারীসহ ছয় বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।
দণ্ডিতরা হলেন, শাহীন আহমেদ ও তার কাজিন সানিয়া বেগম, মো. হোসেন, কাসিম উদ্দীন, মফিজুর রহমান ও নূর মিয়া।
এদের মধ্যে শাহীনকে অনির্দিষ্টকালের অর্থাৎ তাকে কমপক্ষে সাড়ে আট বছর জেলে কাটাতে হবে। সানিয়াকে চার বছর, পূর্ব লন্ডনের বাসিন্দা হোসেনকে ১৪ বছর এবং মাইল অ্যান্ডের বাসিন্দা কাসিমকে সাড়ে ১১ বছর, নূর মিয়াকে আড়াই বছর ও মফিজুরকে সাড়ে ৬ বছর কারাভোগ করতে হবে।
২২ বছর বয়সী এক হিন্দু যুবককে অপহরণ এবং তার গায়ে আগুন দেওয়াসহ বিবিধ অপরাধে গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে এ রায় দেয় লন্ডনের ওল্ড বেইলি আদালত।
সানিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় ওই হিন্দু যুবককে শাহীনের নেতৃত্বে অপহরণ করা হয়। অপহরণে সহায়তার জন্য ২১ বছর বয়সী সানিয়াকে সাজা দেয় আদালত।
রায়ের আদেশে বলা হয়, নির্যাতিতের মুখে আগুন দেওয়া ছাড়াও বেল্ট দিয়ে আঘাত ও পেটে লাথি মারা হয়। তার দেহে ১০০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মামলার নথি সূত্রে জানা যায়, সনিয়া বেগম নির্যাতিতকে প্ররোচিত করে পূর্ব লন্ডনের বার্কিংয়ে নিয়ে যান। সে সময় তিনি মোবাইল ফোনে তার ভাই মোহাম্মদ হোসেনকে এ খবর জানান।
তখন মফিজ ও কাসিমকে সঙ্গে নিয়ে শাহীন ও হোসেন ওই হিন্দু যুবককে অপহরণ করেন। পরে নূর মিয়ার বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/এএইচ/১৭০৫ ঘ.
bdnews24