চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা দরবার শরিফের টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার র্যাব-৭ এর সাবেক অধিনায়ক জুলফিকার আলী মজুমদারকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
চট্টগ্রামের জেলা বিচারিক হাকিম মাসুদ পারভেজ বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে জুলফিকারকে কারাগারে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন তিনি।
জুলফিকারের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, “আদালত পুলিশি হেফাজতের বদলে কারা অভ্যন্তরে ধারাবাহিকভাবে ১০ দিন জিজ্ঞাসাবদের অনুমতি দিয়েছেন।”
জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া যাবে তা ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
গত বছরের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে অভিযান চালানোর নামে ২ কোটি ৭ হাজার টাকা লুটের অভিযোগে জুলফিকারকে প্রধান আসামি করে গত ১৩ মার্চ মামলা হয়। আনোয়ারা থানায় করা ওই মামলায় র্যাবের আরো ৯ সদস্য এবং তাদের দুই সোর্সকে আসামি করা হয়েছে।
ডাকাতির অভিযোগ ওঠার পর ওই র্যাব কর্মকর্তাদের স্ব স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। র্যাবের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয় জুলফিকারকে।
আনোয়ারা ও ঢাকার মহানগর পুলিশের এক যৌথ অভিযানে গত ৩ মে ভোরে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার হন জুলফিকার। রাতেই তাকে চট্টগ্রামের আনোয়ারা থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজত চান মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সামাদ।
আইনজীবী ইফতেখার সাইমুল জানান, আদালত জিজ্ঞাসাবাদের সময় জুলফিকার আলী মজুমদারকে শারীরিক ও মানসিক নির্যাতন না করারও আদেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৫৩০ ঘ.
bdnews24