২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 07:18 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তিনি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভার প্রতি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইরিনাকে সম্মানসূচক ‘ডক্টর অফ লজ’ ডিগ্রি দিতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশেষ সমাবর্তন আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, “বায়ান্নর মাতৃভাষার দাবিতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়ে আমাদের অনুপ্রেণিত করছে। তাই আশা করি, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করবে।” ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা সম্মানসূচক ডিগ্রি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি জীবনে দু’বার আবেগাপ্লুত হয়েছি, প্রথম যখন আমি ইউনেস্কোর মহাপরিচালক হিসেবে যোগদানপত্রে স্বাক্ষর করি এবং দ্বিতীয়টি আজকের এই ডিগ্রির জন্য স্বাক্ষরের সময়।” ইরিনা বোকোভা ১৯৫২ সালের ১২ জুলাই বুলগেরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বুলগেরিয়ায় শিক্ষা ও বিজ্ঞানের প্রসার, সামাজিক স্থিতিশীলতা, বিশ্ব মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০৯ সালের ১৫ নভেম্বর প্রথম নারী হিসাবে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচিত হন ইরিনা। এর আগে তিনি বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল ৫টায় সমাবর্তনে অনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আচার্য ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান সমাবর্তনের উদ্বোধন ঘোষণা করেন। এর আগে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, ডিন, অধ্যাপকরা মল চত্বর থেকে সমাবর্তনস্থল পর্যন্ত শোভাযাত্রা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০১১৩ ঘ.