২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের মোল্লা অপরাধ করেননি, দাবি তার আইনজীবীর

জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বুধবার বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলা থেকে কাদের মোল্লার অব্যহতির আবেদনের শুনানিতে তিনি এ দাবি করেন। শুনানিতে অংশ নিয়ে রাজ্জাক ট্রাইব্যুনালকে বলেন, “একাত্তরে যুদ্ধপরাধের অভিযোগে ১৯৫ জন পাকিস্তানি সৈন্যকে অভিযুক্ত করা হয়েছিল। ওইসব সৈন্যদের বিচার হয়ে গেছে। এই অবস্থায় ওই অভিযোগে কাদের মোল্লার বিচারের সুযোগ নেই। তিনি কোনো অপরাধ করেননি।” এ বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘ ৪০ বছর পর ওই ঘটনার বিচারের অয়োজেন করা হয়েছে। এই দীর্ঘ বিলম্বের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এটা রানৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন ও দমনের জন্যই এ বিচার করা হচ্ছে।” আগামী ১৩ মে এ বিষয়ে আরো শুনানি হবে। সাত দফা অভিযোগ আদালতে তুলে ধরার মধ্য দিয়ে গত ৭ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এরপর প্রসিকিউশনের আবেদনে গত ১৬ এপ্রিল মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর হয়। ২ মে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ কাদের মোল্লার বিরুদ্ধে শুনানি শেষ করে। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এই জামায়াত নেতার বিরুদ্ধে গত ১ নভেম্বর জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল ২৮ ডিসেম্বর অভিযোগ আমলে নেয়। প্রসিকিউশনের প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালি নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারিরা তাকে সহায়তা করেন। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/২১৪৭ ঘ.