চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ ও পুর্নবাসনের সুপারিশ করেছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।
এ ছাড়া বিভিন্ন পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে প্রতিরক্ষা দেয়াল সঠিকভাবে নির্মাণের জন্যও নির্দেশ এসেছে।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে পাহাড় ব্যবস্থাপনা কমিটির নবম সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করতে গঠিত টেকনিক্যাল কমিটি ১৩টি পাহাড় চিহ্নিত করার পর এ সুপারিশ করেছে।
তাদের হিসাব অনুযায়ী, এসব পাহাড়ে ৭০০ থেকে ৮০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।
পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভা থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন প্রদানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলমকে সমন্বয়ক করে একটি কমিটিও করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাইল হোসেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. শামসুদ্দোহা প্রমুখ।
বৈঠকে বর্ষাকালে পাহাড় সুরক্ষা এবং ধস ঠেকাতে সংশ্লিষ্ট পাহাড় মালিকদের কাছে কি পরিমাণ সরঞ্জাম আছে তা কমিটিকে এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/১৯৪৩ ঘ.
bdnews24