ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনাস্থল নিয়ে বিপাকে পড়েছে পাশাপাশি তিন থানা। যাত্রাবাড়ী থানা ঘটনাস্থল গেণ্ডারিয়ায় বলে জানালেও গেণ্ডারিয়া বলছে, ঘটনা ঘটেছে শ্যামপুর। আর শ্যামপুর থানার দাবি, যাত্রাবাড়ীতেই পড়েছে ঘটনাস্থল।
বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মীরহাজীরবাগে জামাল মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
তবে সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল নিয়ে সিদ্ধান্তহীনতায় কোন থানাই অভিযোগ নেয়নি।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক জিনাত রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটা তাদের থানা এলাকায় ঘটেনি। গেণ্ডারিয়া থানা এলাকায় ঘটেছে।
গেণ্ডারিয়া থানার কাছে জানতে চাওয়া হলে ওই থানার উপপরিদর্শক ইয়ার হোসেন জানান, এটা শ্যামপুর থানা এলাকার ঘটনা।
তবে শ্যামপুর থানার উপপরিদর্শক আবু তাহের বলছেন, ঘটনাস্থল কোন এলাকায় পড়েছে তা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে ঘটনাস্থল যাত্রাবাড়ী থানা এলাকায়ই পড়েছে।
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী জামাল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন জামাল মিয়া জানান, তিনি তার মীর হাজীরবাগের দোকান থেকে ৪ লাখ ২০ হাজার টাকা নিয়ে ইসলামী ব্যাংক গেণ্ডারিয়া শাখায় জমা দিতে যাচ্ছিলেন। এ সময় দুইটি মটরসাইকেলে থাকা চার আরোহী তার গতিরোধ করে। পরে তারা বাম উরুতে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৯২৮ ঘ.
bdnews24