২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ মে চট্টগ্রামে ট্রাকশ্রমিক ধর্মঘট

মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে ১৩ মে বৃহত্তর চট্টগ্রামে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে ‘পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে ১৩ মে বৃহত্তর চট্টগ্রামে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে ‘পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’। ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও প্রাইমোভার ট্রেইলার শ্রমিকদের সমন্বয়ে গঠিত এ পরিষদ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ধর্মঘটের ডাক দেয়। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সড়কে ডাকাতি ও মালামাল লুট বন্ধ, স্থায়ী টার্মিনাল নির্মাণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা প্রদান বন্ধ করা শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও কল্যাণ তহবিল চালু করা। সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক রবিউল মাওলা বলেন, বিভিন্ন সময়ে প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পরও আমাদের সমস্যা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। বিভিন্ন সময়ে মহাসড়ক ও নগরীর বিভিন্ন স্থানে তল্লাশির নামে পুলিশ পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি। দাবি আদায়ের জন্য পরিষদ ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছে উল্লেখ করে রবিউল মাওলা বলেন, “এ সময়ের মধ্যে দাবি আদায়ে কোন সাড়া পাওয়া না গেলে শ্রমিকরা ভবিষ্যতে অনির্দিষ্টকালের ধর্মঘটে যেতে বাধ্য হবে।” সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আবদুস সবুর, যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা মৃণাল চৌধুরী ও মোহাম্মদ মুছা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/এসইউ/১৪৪১ ঘ.