ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষক ‘অপহৃত’ হয়েছেন বলে পুলিশকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নূর উদ্দিন আলোকে অপহরণের বিষয়টি সোমবার মধ্যরাতে এক শিক্ষার্থী জানায়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে খঁজে বের করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এই শিক্ষকের নির্দিষ্ট কোনো ঠিকানা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই। টঙ্গীতে তিনি একটি স্কুল পরিচালনা করতেন। তবে সেখানে গিয়েও কাউকে পাওয়া যায়নি বলে জানান প্রক্টর।
এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার পর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনামুল হক নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী জিডি করেছেন।
এনামুল জিডিতে বলেছেন, ওই শিক্ষক তার মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে জানিয়েছেন, তাকে অপহরণ করা হয়েছে।
পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, এসএমএস পাঠানোর সময় নূরউদ্দিনের অবস্থান ছিল টঙ্গীতে ছিলেন।
“কিন্তু টঙ্গীতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে সর্বশেষ নোয়াখালীতে তার অবস্থান সনাক্ত করেছে র্যাব,” বলেন ওসি।
শিক্ষক নূর উদ্দিন আলো এবং তার স্ত্রীর মধ্যে কলহ চলছে। পরস্পরের বিরুদ্ধে মামলাও রয়েছে তাদের। এ বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/০১০৮ ঘ.
bdnews24