নারায়ণগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দী গ্রামে মঙ্গলবার রাতে এ হামলায় নিহত হন মোহাম্মদ জিয়া (২৩)।
জিয়া ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ফলের ব্যবসা করতেন।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১০টায় বাড়ি ফেরার পথে একদল অস্ত্রধারী জিয়াকে কুপিয়ে আহত করে।
আশপাশের লোকজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24