২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে যুবক খুন

রোগ নিরাময় কেন্দ্রে রোগী নেওয়া নিয়ে বিরোধের জেরে সিলেট নগরীতে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2012, 05:08 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

সিলেট, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোগ নিরাময় কেন্দ্রে রোগী নেওয়া নিয়ে বিরোধের জেরে সিলেট নগরীতে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। ডাক্তারপাড়া স্টেডিয়াম মার্কেটে মঙ্গলবার সকালে হামলায় আহত হন শহরতলীর লাখাউড়া এলাকার আল ইসলাম (২৬)। বিকাল ৪টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নগরীর লামাবাজারের গাজী মিয়ার ছেলে রমজান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাড়ে ১১টার দিকে স্টেডিয়াম মার্কেটের ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন ইসলাম। ওই সময় রোগী সংগ্রহকারী দালাল রমজান আলী ও তার এক সহযোগী তাকে ডেকে নেয়। স্টেডিয়াম মার্কেটের ভেতরে একটি গলিতে নিয়ে তারা ইসলামকে ছুরিকাঘাত করে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বলেন, আল ইসলাম ও রমজান দুজনই ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের জন্য রোগী সংগ্রহ করেন। এ নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক জয়নাল আবেদীনসহ রোগী সংগ্রহকারী দালালচক্রের সদস্যরা আত্মগোপন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। আল ইসলামের ভাই নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রমজানই আমার ভাইকে হত্যা করেছে। এর পেছনে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের মালিক জয়নাল আবেদীনের হাত রয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩০৫ ঘ.