নারায়ণগঞ্জ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে একই ব্যক্তির তিনটি পেপার মিল বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এছাড়া ওই তিন পেপার মিলকে ৮৮ লাখ টাকা জরিমানাও করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার অভিযানকালে এ নির্দেশ দেন।
পেপার মিলগুলো হল সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ইউনুস অফসেট পেপার মিলস লিমিটেড ও ইউনুস ফাইন পেপার মিলস লিমিটেড।
প্রতিষ্ঠান তিনটি রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। কারখানা তিনটিতে প্রতিদিন বিভিন্ন ধরনের ১৩০ মেট্রিক টন কাগজ উৎপাদিত হয়।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনটি কারখানাই পরিবেশ আইনে বিপদজ্জনক ‘লাল’ শ্রেণিভুক্ত। কিন্তু তারা ‘কমলা-খ’ শ্রেণিভুক্ত অর্থাৎ কম দূষণকারী কারখানা হিসেবে ছাড়পত্র নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছিল।
গত ৫ বছরে কারখানাগুলোয় পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা পরিদর্শন করেনি, নোটিশও দেয়নি।
মালিকও কারখানায় ইটিপি স্থাপন, বর্জ্য অপসারণ, পানির মান পরীক্ষা এবং ছাড়পত্র নিয়মিতকরণের কোনো পদক্ষেপ নেয়নি।
এছাড়া উপযুক্ত প্রযুক্তির ইটিপি নেই, যা আছে অভিযানের সময় সেগুলোকেও বন্ধ পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৪৩ ঘ.
bdnews24