বরগুনা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি ঘাটে আসতে দেরি হওয়ায় বরগুনা জেলা প্রশাসকের নির্দেশে এক ইজারাদারকে লাঠিপেটা করা হয়েছে।
এতে ইজারাদার আবুল কালাম আজাদের বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন।
জেলার বড়ইতলা-বাইনচটকী ফেরীঘাটে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আজাদকে প্রশতে বরগুনা জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেিেডকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসক হাসপাতালে গিয়ে ভুল স্বীকার করে চিকিৎসার দায়িত্ব নেয়ার প্রতিশ্র“তি দিলে বেলা ১২টা থেকে আবার ফেরি চলাচল শুরু হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সোমবার জেলা প্রশাসক (ডিসি) মো. মজিবুর রহমান প্রশাসনিক কাজে বামনা উপজেলায় যান। বিকাল সাড়ে ৪টার দিকে তিনি বাইনচটকী ফেরিঘাটে আসেন।
এ সময় জেলা প্রশাসকের সিএ হুমায়ুন কবির সগির ফেরির কর্মচারী এমাদুলকে ফোন করে ফেরিটি বড়ইতলা থেকে তাড়াতাড়ি ছেড়ে আসতে বলেন। এমাদুল ছুটিতে থাকায় ফেরির ইজারাদারকে খবরটি জানাতে একটু দেরি হয়।
ইজারাদার আজাদ বলেন, বিকাল ৫টার দিকে ফেরি ছাড়ার কথা থাকলেও তাদের ৪/৫ মিনিট দেরি হয়ে যায়। পাঁচটা ৪০ মিনিটে ফেরিটি পৌঁছলে জেলা প্রশাসক ইজারাদারকে পেটানোর নির্দেশ দেন তার নিরাপত্তারক্ষীকে।
বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজাদের একটি আঙুল ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ইজারাদারের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের ক্ষতচিহ্ন রয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, রাগের মাথায় তিনি ইজারাদারকে পেটানোর নির্দেশ দিয়েছিলেন।
এজন্য দুঃখ প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, সকালে হাসপাতালে গিয়ে ইজারাদারের খোঁজখবর নেওয়া হয়েছে। তার চিকিৎসার সহায়তা করার কথাও বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24