২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি বিনিময় চুক্তি দ্রুত সই করতে মতৈক্য

ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের প্রথম বৈঠকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি দ্রুততম সময়ে সইয়ের বিষয়ে মতৈক্য হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 06:38 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নয়া দিল্লি, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের প্রথম বৈঠকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি দ্রুততম সময়ে সইয়ের বিষয়ে মতৈক্য হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী যৌথ পরামর্শক কমিশন গঠন করা হয়। সোমবায় নয়া দিল্লিতে কমিশনের প্রথম বৈঠকে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন দীপু মনি ও এস এম কৃষ্ণা। দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পূর্ণতা পাবে। দুই দেশের মধ্যে আসামি প্রত্যর্পণ চুক্তি হলেও দিল্লির দীর্ঘদিনের চাওয়া বন্দি বিনিময় চুক্তি। এই চুক্তি হলে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের পাওয়ার সুযোগ হবে, যিনি এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশে অন্তরীণ। যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে এক দেশের ভূমিতে থেকে জঙ্গি কিংবা সন্ত্রাসীদের অন্য দেশের বিরুদ্ধে কাজ চালাতে না দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন দীপু মনি ও কৃষ্ণা। সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশী দেশই পরস্পরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। দীপু মনি ও কৃষ্ণা উভয়ই সীমান্তে অপরাধ দমন এবং স্থিতিশীলতা রক্ষায় সমন্বিত কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এতে দুই দেশের সীমান্তরক্ষীরাই পরস্পরের প্রতি আস্থাবান হবেন বলে আশা করেন তারা। দুই দেশের সীমান্তের ঝুঁকিপূর্ণ ১৮৫টি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এগিয়ে চলার বিষয়টিও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। দুই পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, দুই দেশের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমান্ত চুক্তি (প্রটোকল) সীমান্তের অমীমাংসিত অন্য সমস্যা সমাধানেও ভূমিকা রাখবে। এই প্রটোকল দ্রুত বাস্তবায়ন এবং ছিটমহল সমস্যার দ্রুত সমাধানের বিষয়েও মতৈক্যে পৌঁছান তারা। বিদ্যুৎ বিনিময়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের বিদ্যুৎ বিতরণ নিগমের চুক্তিকে স্বাগত জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে জানান, ভারতে থেকে আরো ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতেও দরপত্র আহ্বান করতে যাচ্ছে ঢাকা। ২০১৩ সালের মধ্যে ভারত-বাংলাদেশ আন্তঃবিদ্যুৎ গ্রিড সংযোগ প্রতিষ্ঠায় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয় যৌথ বিবৃতিতে। বাগেরহাটের রামপালে ১৩শ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজকে স্বাগত জানিয়ে চট্টগ্রামেও একই ধরনের একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নিতে তাগিদ দেন দুই মন্ত্রী। উত্তর-পূর্ব ভারতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশকে অংশগ্রহণের আহ্বানও দিল্লির পক্ষ থেকে রাখা হয়। আশুগঞ্জ নৌবন্দরে একটি কন্টেইনার টার্মিনাল স্থাপনে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এছাড়া চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে পণ্য রেল, নৌ ও সড়ক পথে ভারতের পণ্য নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিকতা দ্রুততম সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন দীপু মনি ও কৃষ্ণা। দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ার সুফল উভয়ই পাচ্ছে জানিয়ে এর গতি আরো বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ঢাকা-শিলং-গুয়াহাটি রুটে বাস চলাচলে পদক্ষেপ গ্রহণকেও স্বাগত জানিয়েছেন তারা। সফরে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশ নেন দীপু মনি। ওই অনুষ্ঠানে জানানো হয়, বিদ্রোহী কবি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা রচনার ৯০ বছর পূর্তিও যৌথভাবে উদযাপন করবে বাংলাদেশ ও ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০০৩৫ ঘ.