২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, পুলিশসহ আহত ১১

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চট্টগ্রাম, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে। ফতেয়াবাদ গ্রামের সন্দ্বীপ কলোনিতে সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে আছেন হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী, এসআই সাইফুল, আবদুর রাজ্জাক, নায়েক জহির ও কনস্টেবল ফজলুর। বাকিদের নাম জানা যায়নি। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। হাটহাজারী সার্কেলের সিনিয়র এএসপি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাংক থেকে নিলামে সানাউল্লাহ নামে এক ব্যক্তি ১০ একর জমি কিনলেও তার দখল নিতে পারেননি। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সন্দ্বীপ কলোনিতে থাকা ওই জায়গা দখল করতে গেলে কিছু ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে বাধা এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সংঘর্ষের মুখে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়গার দখল বুঝিয়ে না দিয়েই এলাকা ত্যাগ করেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২৩৩৩ ঘ.