২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ পর্যবেক্ষণে যৌথ উপ-কমিটি

প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের সব বিষয় খতিয়ে দেখতে যৌথ নদী কমিশনের আওতায় একটি উপ-কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত-বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নয়া দিল্লি, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের সব বিষয় খতিয়ে দেখতে যৌথ নদী কমিশনের আওতায় একটি উপ-কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত-বাংলাদেশ। বাংলাদেশের আহ্বানের প্রেক্ষাপটে সোমবার নয়া দিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের প্রথম বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এক যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান। এস এম কৃষ্ণা বলেন, “টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্পের সব দিক খতিয়ে দেখতে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের আওতায় একটি উপ-কমিটি করতে সম্মত হয়েছে নয়া দিল্লি ও ঢাকা।” ভারতের মনিপুর রাজ্যে বরাক নদীর উজানে টিপাইমুখে দেড় হাজার মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে ভারত। বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় এই প্রকল্পের বিরোধিতা করে আসছে বাংলাদেশ ও ভারতের পরিবেশকর্মীরা। তবে ভারতের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে, বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় এমন কোনো পদক্ষেপ টিপাইমুখে নেওয়া হবে না। টিপাইমুখের বিষয়ে ঘোষণা এলেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থা কাটাতে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। কৃষ্ণা পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বলেছেন, এ বিষয়ে মতৈক্যে পৌঁছতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নয়া দিল্লি। “পানি একটি স্পর্শকাতর ইস্যু হওয়ায় ভারতের গণতান্ত্রিক রাজনীতির রেওয়াজ অনুযায়ী মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য অভ্যন্তরীণ সব পক্ষের মধ্যে আলোচনা চলছে।” তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে দ্রুতই একটি সমাধানে পৌঁছাতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। দীপু মনি সাংবাদিকদের বলেন, স্বল্প সময়ের মধ্যে গত বছর স্বাক্ষরিত প্রটোকলসহ ১৯৭৪ সালের ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থনের জন্য কৃষ্ণাকে অনুরোধ করেছেন তিনি। এছাড়া শিগগিরই তিস্তা চুক্তি সইয়ের জন্যও চাপ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভারতের নদী সংযোগ প্রকল্পের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হিমালয় থেকে উৎপন্ন কোনো নদী আন্তঃনদী সংযোগ প্রকল্পে অন্তর্ভুক্ত হবে না বলে ভারত আশ্বস্ত করেছে। তাই এতে বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ভারতের দেওয়া একশ’ কোটি ডলার ঋণ ব্যবহারের অগ্রগতি নিয়েও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেন। কৃষ্ণা বলেন, “৮১ কোটি ডলারের কয়েকটি প্রকল্পের বিষয়ে মতৈক্য হয়েছে এবং আট কোটি ৩০ লাখ ডলারের পাঁচটি চুক্তি সই হয়েছে।” “প্রথম চালানের বাস ইতোমধ্যে ঢাকা পৌঁছেছে এবং এ বছরের শেষ দিকে রেলওয়ের রোলিং স্টোকের চালান পাঠানো শুরু হবে।” রোববার ঢাকায় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেন, একশ’ কোটি ডলার ঋণের মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসেবে গণ্য হবে এবং ওই অর্থ বাংলাদেশ তার অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন প্রকল্পে ব্যবহার করতে পারবে। “আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে, বাংলাদেশ সরকারের সই করা চুক্তিগুলো অনুযায়ী সময়মতো জিনিসপত্র সরবরাহ করা,” বলেন কৃষ্ণা। তিন দিনের সফরে রোববার নয়া দিল্লি গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে অচলাবস্থা কাটাতে মঙ্গলবার ভারতের পানি সম্পদমন্ত্রী পাওয়ান কুমার বানসালের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। গত সপ্তাহে নয়া দিল্লিতে পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কৃষ্ণা। গত সেপ্টেম্বরে ভারতের প্রধামন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে অন্তর্র্বতীকালীন চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা আটকে যায়। এ বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের একটি দলেরও শিগগিরই কলকাতা সফরের কথা রয়েছে। সংবাদ সম্মেলনে কৃষ্ণা বলেন, “আমরা ভারতে একটি রাজনৈতিক মতৈক্য গড়ে তোলার চেষ্টা করছি। পানির ওপর নির্ভরশীল সবার মতামত গুরুত্ব সহকারে নেওয়া এবং সমস্যাগুলোও সবাই সমানভাবে ভাগ করে নেওয়াটা গুরুত্বপূর্ণ।” পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরামের সঙ্গেও বৈঠক করবেন। আসামি প্রত্যর্পন চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করবেন তারা। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দীপু মনির দেখা করার কথা রয়েছে। কৃষ্ণা ও দীপু মনির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে বিদ্যুৎ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয় আলোচনা হয়। বৈঠকে তাদের পর্যালোচনায় আন্তঃগ্রিডে বিদ্যুৎ সংযোগের বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানানো হয়। মনমোহনের সেপ্টেম্বরের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সহযোগিতা বিষয়ে বাংলাদেশ-ভারত রূপরেখা চুক্তি অনুযায়ী যৌথ পরামর্শক কমিশন গঠন করা হয়। ২০১৩ সালের গ্রীষ্মে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসার বিষয়ে তারা আশা প্রকাশ করেন। কৃষ্ণা বলেন, “আমরা যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি এবং ২০১৬ সালের মধ্যে এটা শেষ হবে বলে আশা করা যাচ্ছে। ভারতে বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলোতে বিদ্যুৎ প্রকল্পে আমরা বাংলাদেশের অংশগ্রহণকে স্বাগত জানাই।” দীপু মনি এদিন নয়া দিল্লিতে বীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার ভারতীয় অংশের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/২০৪৬ ঘ.