২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ছাড়লেন প্রণব মুখোপাধ্যায়

বাংলাদেশে ২০ ঘণ্টার সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 12:32 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ২০ ঘণ্টার সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। বিকেল ৫টা ৩৫ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপনীতে অংশ নিতে শনিবার রাতে ঢাকা আসেন প্রণব। রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্ত দ্বারা বিভক্ত হলেও অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, রীতি, মূল্যবোধ ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশার বন্ধনে আবদ্ধ। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বৈঠক করেন ভারতীয় অর্থমন্ত্রী। সেখানে তিনি প্রতিশ্র“তি দেন, বাংলাদেশ-ভারত স্বাক্ষরিত সব চুক্তি শিগগিরই বাস্তবায়ন করা হবে। পরে জ্যেষ্ঠ সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান, বাংলাদেশকে দেওয়া ১০০ কোটি ডলার ঋণসুবিধার মধ্যে ২০ কোটি ডলার মঞ্জুরি হিসেবে গণ্য করবে ভারত। ঋণের সুদও কমিয়ে দেওয়া হবে। বিকেলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করেন প্রণব মুখোপাধ্যায়। সেখান থেকেই সরাসরি বিমানবন্দরে চলে যান। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এসইউ/১৮২৫ ঘ.