সাভার, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে এক জন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছে।
রোববার সকালে আশুলিয়ার জামগড়ার বটতলা ‘রূপায়ন হাউজিং’ এলাকায় এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ আশুলিয়া থানা যুবলীগ নেতা লুৎফর রহমানকে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জামগড়ার রূপায়ন হাউজিংয়ে ফাতেমা বেগম নামে এক নারী একটি প্লটে নির্মাণ কাজ চালাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে লুৎফর তার দলবল নিয়ে কাজে বাধা দিলে সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লুৎফররা কাজে বাধা দিলে আশুলিয়া থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভূঁইয়ার অনুসারী বাকের ও দেলোয়ারসহ বেশ কয়েকজন ফাতেমা বেগমের পক্ষে অবস্থান নেয়।
“লুৎফরদের সঙ্গে বাকেরদের তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। ওই সময় লুৎফরকে গোলাগুলি হলে একটি গুলি লুৎফরের বাম উরুতে লাগে।”
ফাতেমা বেগম সাংবাদিকদের জানান, তার কেন জমিতে ঘর নির্মাণে লুৎফররা বাধা দেয়।
সঙ্গীদের গুলিতেই লুৎফর আহত হন বলে দাবি করেন ফাতেমা।
অন্যদিকে লুৎফরের পরিবারের সদস্যরা দাবি করেছেন, ওই জমি লুৎফরই কিনেছে।
ওসি জানান, এই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24