ফরিদপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়লে এক বাসযাত্রী নিহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হামিরদী বাসস্ট্যান্ডের কাছে সড়কের বাম পাশের খাদে উল্টে পড়ে। নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর আহত লুৎফর (৪০), আকলিমা (৪৫), আব্দুল জলিল (৪৫), সীমা (২৬), সোহেল (২৫), সিয়াম (৪), তারিক (২৪) ও সাইফুদ্দিনকে (৭০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭২৬ ঘ.
bdnews24