২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের প্রতিবাদ করায় ‘মারধর’

অনিয়ম বন্ধে সকালের খাবার বর্জন করায় সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের সাত এতিম ছাত্রকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

সিরাজগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়ম বন্ধে সকালের খাবার বর্জন করায় সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবারের সাত এতিম ছাত্রকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবশ্য প্রশাসনের দাবি, ‘বেয়াদবী’ করায় তাদের দু’একটি চড় দেওয়া হয়েছে। শিশু পরিবারের সুপারিনটেন্ডেন্ট আলাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক ছাত্রকে বহিষ্কার করায় শিক্ষার্থীরা সকাল খেকে খাবার বর্জন করে শিশু পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ অবস্থায় সকাল ১১টার দিকে পুলিশসহ জেলা প্রশাসক ঘটনাস্থলে যান। পরে সাত ছাত্রকে থানায় পাঠানো হয়। আটককৃত সাত শিক্ষার্থী হলেন- আমারুল ইসলাম, আল-মাহমুদ, নূরনবী, আরিফ, হান্নান মণ্ডল, রব্বানী মোল্লা ও মফিজ হোসেন। রায়পুরের এই সরকারি শিশু পরিবারে ১৬০/১৭০ জন এতিম শিশু থাকে। মারধরের বিষয় জানতে চাওয়া হলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “আমি ছাত্রদের সমস্যা সম্পর্কে জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে আমাকে বলে ‘আপনি আগে বসেন তারপর সব বলা হবে’। তখন আমি দু’একটি চড় মারি। পুলিশও ছাত্রদের শাসন করে।” শিক্ষার্থীদের অনিয়মের অভিযোগ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, তাদের অভিযোগ তদন্তে এডিসি গোলাম রব্বানীকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করে। সপ্তম শ্রেণির ছাত্র ইমন আলী, আ. মান্নান, হাবিবুর রহমান ও স্বপনসহ কয়েকজন জানান, অসুস্থ ছাত্রদের জন্য ওষুধ দেওয়া হচ্ছে না। সরকারি বরাদ্দ থাকলেও শিক্ষকরা ব্যবহারিক খাতা, কলম, তেল, সাবানসহ অন্যান্য সামগ্রী বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। চলতি বছরের ১ম সাময়িক পরীক্ষা শেষ হলেও এখনও তাদের ক্লাসের বই দেওয়া হয়নি। এছাড়াও তুচ্ছ ঘটনা নিয়ে এক ছাত্রকে বের করে দেওয়া হয়েছে বলেও জানান তারা। সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, বিকেল ৩টার দিকে আটক সাত জনের মধ্যে ছয় জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মফিজ নামে অপর জনের বিরুদ্ধে এক ছাত্রকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭২৯ ঘ.