২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাকিব অহন কার কাছে যাইবো?’

চাঁদপুরে ঘরে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ঢুকে পড়ায় প্রিয় ‘জেঠি’সহ চার আত্মীয়কে হারিয়েছে শিশু রাকিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 06:56 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

আল-ইমরান শোভন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চাঁদপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশু রাকিবকে খুব টানতো তার জেঠির (চাচি) আদর। তাই প্রায় রাতই তার ঘরে ঘুমাতে যেত সে। কিন্তু এ ঘরেই শনিবার রাতটি তার জন্য এল বিভীষিকা হয়েই। শনিবার রাত সাড়ে ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলায় শ্রীরামপুর গ্রামে ধানের কুড়াবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ায় নিহত হয় রাকিবের চাচা সেলিম শেখ (৪৫), তার স্ত্রী ফজিলাতুন্নেছা (৪০), ছেলে রাসেল (১৮) ও মেয়ে শিল্পী (১৪)। ভাগ্যক্রমে বেঁচে যায় শুধু দশ বছরের শিশু রাকিব। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে চাঁদপুর হাইমচর সড়কের দু’পাশে সারি সারি বস্তি ঘর। মলিন এ ঘরগুলোর বেশিভাগেই নদীভাঙা ছিন্নমূল মানুষের বাস। এরই একটিতে বাবা লিটন শেখ ও মা সুফিয়া বেগমের সঙ্গে থাকত রাকিব। আরেকটি ঘরে থাকত তার চাচার পরিবার। রাকিব পড়ে স্থানীয় মৌলভী বাড়ি মাদ্রাসার শিশু শ্রেণীতে। চাঁদপুর সদর হাসপাতালের বিছানায় শুয়ে রাকিব কাঁদতে কাঁদতে জানায়, সে তার জেঠির সঙ্গে মাটিতে শুয়েছিল সে। ঘুমের মধ্যে গড়িয়ে চোকির নিচে ঢুকে যায় সে। এ কারণেই বেঁচে যায় সে। ট্রাকের মালামাল সরিয়ে স্থানীয় লোকজন রাত একে একে উদ্ধার করে লাশ। সে সময় রাকিবকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক মারুফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের মধ্যে ট্রাকটি ঢুকে পড়ায় আসবাবপত্রের চাপায় রাকিব পায়ে কিছুটা আঘাত পেয়েছে। তবে আশঙ্কার কিছু নেই। রাকিবের মা সুফিয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাকিবের কাছে জেঠি ফজিলাতুন্নেছা ছিল খুবই প্রিয়। সেও রাকিবকে খুব স্নেহ করতো। তাই বার বার তার কাছে ছুটে যেত সে। এ সময় রাকিবের বাবা বিলাপ করে বলতে থাকেন, “ভাইরে আমার সব গেছে। অহন আমার কিছুই নাই। পোলাডা তার জেঠিরে বেশি পছন্দ করতো। তাই সে সন্ধ্যায় জেঠির কাছে থাকার জন্য ছুটে যেত।” “রাকিব অহন কার কাছে যাইবো?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১২৪৪ ঘ.