ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বাংলাদেশ ও ভারতের মাঝে সেতুবন্ধন রচনা করেছে, যা আগামী প্রজন্মের জন্যও পাথেয় হয়ে থাকবে।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিবেশী দেশ হিসেবে সমস্যা থাকতেই পারে, তা সমাধান করা যাবে না তা নয়। তা সমাধান সম্ভব, তা আমরা প্রমাণ করেছি।”
“প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলতে চাই। আমরা সে লক্ষ্যেই কাজ করছি। দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনগণের সার্বিক অর্থনৈতিক কল্যাণে একসাথে কাজ করব। এটাই কাম্য”, যোগ করেন তিনি।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়শ বছর উপলক্ষে গত বছর বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে দুই বছরব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। ২৫ বৈশাখ এ নোবেল বিজয়ী কবির ১৫১তম জন্মদিনকে ঘিরে এই যৌথ অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।
এই সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, “রবীন্দ্রনাথ দুই দেশের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন। তার কবিতার মধ্যে দুঃখ জয়ের শক্তি পাই।”
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারত রবীন্দ্রনাথের সৃষ্টির প্রধান অধিক্ষেত্র, তার সাহিত্যের লালনভূমি। সৃষ্টি দিয়েও তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন।
“কবিগুরু দুঃখকে শক্তিতে পরিণত করার পথ দেখিয়েছিলেন। সত্যের এ পথ বড়ই কঠিন”, বলেন হাসিনা।
রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তার অক্ষয় কবিতা ও চির জাগরুক সংগীত আমাদের প্রাণসঞ্জীবনী। তার কথাসাহিত্য, নাটক, চিত্রশিল্প ও দর্শন বাঙালির সাহিত্য ও সংস্কৃতির অগ্রদূত হয়ে থাকবে অনাদিকাল।”
রাজনৈতিক বিষয়েও কবির দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্পষ্ট ও বলিষ্ঠ ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি ১৮৯২ সালেই বাংলাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন। বিদেশি শাসকদের ভিক্ষার ওপর নির্ভরশীল না থেকে নিজস্ব সামর্থ্য বাড়ানোর তাগিদ দেন।
“জালিয়ানওয়ালাবাগের জনসমাবেশে গুলি করে অসহায় ব্যক্তিদের হত্যার প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়ে দেশপ্রেমের সর্বোচ্চ প্রমাণ দেন”, বলেন হাসিনা।
পুরো বক্তৃতায় রবীন্দ্রনাথের আটটি কতিবার অংশবিশেষ আবৃত্তি করেন শেখ হাসিনা। ‘জন্মদিন’ কবিতার কয়েকটি লাইন পাঠ করে বক্তব্য শেষ করেন তিনি।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/জেকে/১২০২ ঘ.
bdnews24