২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-ওয়াশিংটন নৈকট্যের প্রতিশ্রুতি

নিয়মিতভাবে উচ্চ পর্যায়ে বার্ষিক আলোচনা হবে দুই দেশের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 07:34 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি বাড়াতে অপরাধ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনসহ বিবিধ বিষয় নিয়ে নিয়মিতভাবে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসবেন। শনিবার সফরের প্রথম দিন আনুষ্ঠানিক আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি স্বাক্ষরিত এক যৌথ ঘোষণায় মিলেছে এই প্রতিশ্রুতি। ঘোষণায় বলা হয়েছে, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, সহিংস চরমপন্থা এবং মাদক, মানুষ, অস্ত্র চোরাচালান ও জলদস্যুতার মতো আন্তঃদেশীয় অপরাধসহ নিরাপত্তা সহযোগিতা নিয়ে সংলাপ আরো গভীর করার অঙ্গীকার করছি আমরা।” ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারী সংলাপ’ শিরোনামে প্রতিশ্রুত সংলাপের আওতায় পররাষ্ট্র সচিব ও আন্ডার সেক্রেটারি অফ স্টেটের নেতৃত্বে দুই দেশের রাজধানীতে পর্যায়ক্রমে বৈঠক হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর শেখ হাসিনার উপস্থিতিতে স্বাক্ষরিত ঘোষণাপত্রে বলা হয়, “পররাষ্ট্রমন্ত্রী ও সেক্রেটারি পর্যায়েও বৈঠক করতে ইচ্ছুক আমরা।” সহিষ্ণুতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, উদারতা, শক্তিশালী সুশীল সমাজসহ খাদ্য নিরাপত্তা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র শক্তিশালীকরণ, তরুণ ও নারীর ক্ষমতায়নসহ যৌথ উন্নয়নের ক্ষেত্রগুলোতে কাজের সুযোগ বিস্তৃত করার অঙ্গীকারও করেছে দুই দেশ। এতে বলা হয়, “আমরা মনে করি যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণ এবং বিশ্ববাসীর কল্যাণে পারস্পারিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে। “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন স্বার্থ এবং মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার অভিন্ন মূল্যবোধের মাধ্যমে আমাদের সমন্বিত পদক্ষেপ নির্ধারিত হবে।” “বন্ধুত্বের জোরালো বন্ধন এবং আমাদের দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় আমরা অঙ্গীকার করছি এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে অংশীদারিত্ব বাড়ানোর প্রতি আমাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করছি।” “জাতিসংঘ ব্যবস্থা, শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের পদক্ষেপের প্রতি আমাদের সহযোগিতার মনোভাব পুনর্ব্যক্ত করছি এবং এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের একক অবদান স্মরণ করছি।” “শিক্ষা ও সংস্কৃতির বিনিময়, উদ্ভাবনে উৎসাহ এবং আমাদের সমাজে সৃষ্টিশীলতা ও উন্নত বৈচিত্র্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্কের বিস্তৃতিসহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগও আমরা বাড়াতে চাই।” “আমাদের নাগরিকদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিকভাবে তথ্য, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়কেও আমরা সমর্থন দিচ্ছি ।” “এসব ও অভিন্ন অন্যান্য লক্ষ্য এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা ও তাকে কৌশলগত নির্দেশনা প্রদান এবং চলমান ও ভবিষ্যৎ সহযোগিতামূলক কর্মকাণ্ডের সমন্বয়ের লক্ষ্যে একটি অংশীদারী সংলাপের আওতায় আমরা নিয়মিত, বার্ষিক পরামর্শসভা করতে চাই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/০১২৭ ঘ.