২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক যোগাযোগের উদ্যোগে প্রশংসা হিলারির

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 04:58 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ঢাকা সফরের প্রথম দিন শনিবার রাতে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হিলারি। ঘণ্টাব্যাপী বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে ‘ভালো’ বলে আখ্যায়িত করেন হিলারি ক্লিনটন। হিলারি বলেন, আঞ্চলিক যোগাযোগ নিশ্চিত হলে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়বে। প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যেরও। ভৌগলিক অবস্থানের জন্য আঞ্চলিক যোগাযোগের ফলে বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন এই অঞ্চলের আঞ্চলিক যোগাযোগে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও হিলারি উল্লেখ করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা সফরে আসা হিলারিকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, তার এই সফরের মধ্য দিয়ে দু’দেশের চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে। প্রধানমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের আর্থ-সাামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পরীক্ষিত বন্ধু হিসাবে উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্যই কাজ করছেন। বাবা-মাসহ নিজ পরিবারের ১৮ জন সদস্য হারানো এবং ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন সময়ে নিজের ওপর সন্ত্রাসী হামলার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকার ‘জিরো টলারেন্স’ দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ফাঁসির আসামি এ এম রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও করেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপাক্ষিক অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্যসচিব শেখ ওয়াহিদ-উজ-জামান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী রবার্ট ব্লেক, ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ড্যান মজিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৫১ ঘ.