প্রকাশ রঞ্জন বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী পাচার ও জালিয়াতির একটি মামলায় পঞ্চাশটির বেশি তারিখ পার করেও অভিযোগ গঠন করতে পারেনি আদালত।
তাই ঢাকা আদালতে নারী পাচারের ক্ষেত্রে এযাতকালের সবচেয়ে বড় (আসামির সংখ্যায়) এবং জনগুরুত্বসম্পন্ন এ মামলা দায়েরের পাঁচ বছর পরও বিচার কাজ শুরু হয়নি।
গত ২৩ এপ্রিল হরতালের দিন মামলাটিতে অভিযোগ গঠন আরেক দফা পিছিয়ে আগামী ১৭ মে তারিখ রাখেন ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছোবাহান।
প্রশ্নের জবাবে এ আদালতের পেশকার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকমকে বলেন, মামলাটি ২০১২ সালের মানব পাচারের নতুন আইনের আওতায় এনে বিচার চালানো হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৪ মার্চ এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর চার বছর ছয় মাস ২১ দিনে ৫০টির বেশি তারিখ রাখা হয় অভিযোগ গঠনের শুনানির জন্য। আসামিপক্ষ থেকে অব্যাহতি চেয়ে দাখিল করা আবেদনের অন্তত ২০ বার শুনানি হয়। কিন্তু তারপরও অভিযোগ গঠন বা অব্যাহতির ব্যাপারে কোনো আদেশ দিচ্ছে না আদালত।
২০০৬ সালের ১৭ নভেম্বর বিকাল ৩টায় লেবাননের উদ্দেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গালফ ২৫১ নম্বর বিমানের ৩১ জন মহিলা যাত্রীকে আটক করে।
পরে ওই ৩১ মহিলার মৌখিক অভিযোগোর ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক কাজী মো. বজলে মাওলা বাদী হয়ে বিমানবন্দর থানায় জালিয়াতি ও নারী পাচারের অভিযোগে (দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭৪/১০৯/, পাসপোর্ট আইনের ১১(১)(খ) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৫(১)/৩০ ধারা) মামলা দায়ের করেন।
মামলায় রাজধানীর ফকিরেরপুলের ১১৬/১১৭ ডিআইটি এক্্রটেশন রোডের উইন ইন্টারন্যাশনাল’র মালিক আবদুল হাই মিলন, রিক্রুটিং এজেন্সি গাজীপুর এয়ার ইন্টারন্যাশনালের মালিক ফেরদৌস আহমেদ বাদলসহ ৩৮ জনকে আসামি করা হয়।
রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীরা জানান, এ মামলায় প্রথমে এজাহারে উল্লেখিত এবং অনুল্লেখিত (এজাহার দায়েরের পর গ্রেপ্তার) ৩৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বর্ধিত তদন্তে আরো পাঁচ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। এই ৪২ অভিযুক্তের মধ্যে ১০ জন পলাতক রয়েছেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, জনশক্তি মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া অথবা ভুয়া ছাড়পত্রের মাধ্যমে যদি মহিলাদের বিদেশ পাঠানো হয়, তখন বাংলাদেশ সরকারের কাছে তাদের কোনো হিসাব থাকে না। সেক্ষেত্রে ওই মহিলাদের দিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে যেকোনো পেশার কাজ করানো সহজ হয়। সরকার তা জানতে পারে না।
অভিযোগপত্রে আরো বলা হয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রবাসী কল্যাণ ডেস্কে কর্মরত আসামি মো. মোশারফ হোসেন, হাসানুল জাহিদ, হাফিজুর রহমান, মো. শাহজালাল ও রিয়াজ উদ্দিন ওই ৩১ মহিলার জনশক্তি ছাড়পত্র পরীক্ষা করে উদ্দেশ্যমূলকভাবে রিক্রুটিং এজেন্সির মালিক আসামিদের সঙ্গে যোগশাজসে তা সঠিক আছে বলে ক্লিয়ারেন্স দেন।
এরপর ইমিগ্রেশন ডেস্কে কর্মরত পুলিশ ওই মহিলাদের পাসপোর্ট ও আনুসঙ্গিক কাগজপত্র সঠিক বলে ইমিগ্রেশন সিল দেয়। কিন্তু গোপন সংবাদ পেয়ে পাসপোর্ট ও ছাড়পত্র পুনরায় পরীক্ষা করে দেখা যায় একজন মহিলার পাসপোর্টও সঠিক নয়।
আসামি হাসানুল জাহিদ ও হাফিজুর রহমানের আইনজীবী মুনজুর আলম মঞ্জু ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনে বিচারের নির্ধারিত সময় বেঁধে দেওয়া ১৮০ কার্যদিবস পার হয়ে গেলেও আইন অনুযায়ী হাইকোর্ট অথবা মন্ত্রণালয়কে তা জানানো হয়নি।
“জাহিদ ও হাফিজুরের কোনো দোষ নেই। তাদের অব্যাহতি পাওয়ার অনেক যৌক্তিক কারণ রয়েছে। আর যদি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করাও হয় তাহলেও বিচারে সাক্ষ্য প্রমাণে তারা অবশ্যই খালাস পাবেন।”
কিন্তু বছরের পর বছর পার হলেও বিচারই শুরু হচ্ছে না। আসামিরা দিনের পর দিন আদালতে এসে ফিরে যাচ্ছেন। রায়ে যা হয় তা আমরা মেনে নেব। আসামিরা সরকারি চাকরি হারিয়েছেন। বিচার দেরি হওয়ায় তাদের সংসার জীবন ধ্বংসের পথে, বলেন তিনি।
অ্যাডভোকেট মুনজুর আরো বলেন, “গত বুধবারও বার বার বিচারকের কাছে অভিযোগ গঠন অথবা অব্যাহতির আদেশ চেয়ে প্রার্থনা করা হয়। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী কিংবা বিচারকের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।”
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন আইনে বিচারাধীন মামলার মধ্যে সবচাইতে বড় মামলা। এ মামলার ৪২ আসামির মধ্যে একেক জন একেক সময় গর হাজির থাকেন। এ কারণে অভিযোগ গঠন করা যাচ্ছে না।”
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিজ্ঞ আইনজীবী মাহবুব হাসান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ব্যাপারে বলেন, “পলাতক দেখিয়ে মামলার আসামিদের অনুপস্থিতিতেও অভিযোগ গঠন করা যায়। এ মামলার ক্ষেত্রে তাই করা উচিৎ। এ রকম স্পর্শকাতর মামলার বিচার এভাবে ঝুলিয়ে রাখা মানবাধিকার পরিপন্থী।”
পাচার বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে প্রায় প্রতিমাসেই সভা হয়। প্রায় প্রত্যেক সভাতেই পুলিশ প্রশাসনকে আসামি গ্রেপ্তার করতে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দ্রুত মামলা নিষ্পত্তির জন্য তাগিদ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২২০৮ ঘ.
bdnews24