ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকা এসেছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
শনিবার রাত পৌনে ১০টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে বিকালেই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রণব রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে এলেও মনমোহন সিংয়ের সফরে স্বাক্ষরিত দুই দেশের যৌথ ঘোষণার বাস্তবায়ন নিয়েও আলোচনা করবেন।
ফিলিপিন্সের ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলন শেষে সরাসরি ঢাকায় এলেন প্রণব। একই সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও অংশ নেন।
পশ্চিমবঙ্গের বাঙালি প্রণব রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে ঢাকা ও নয়াদিল্লি যৌথভাবে বছরব্যাপী অনুষ্ঠান আয়োজন করে।
প্রণব রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করবেন। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এছাড়া সাংবাদিকদের সঙ্গেও ভারতের অর্থমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।
তিস্তাসহ অন্যান্য যৌথ নদীর পানির ভাগাভাগি, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মত অনেক বিষয় অমীমাংসিত বিষয় রয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে।
শেখ হাসিনার সঙ্গে প্রণবের এক ঘণ্টার নির্ধারিত বৈঠকে এই বিষয়গুলো আলোচিত হবে বলে আশা করা হচ্ছে।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তিতে তা আটকে যায়।
সীমান্ত হত্যার ব্যাপারে নয়া দিল্লি বারবার ‘জিরো টলারেন্স’ দেখানোর আশ্বাস দিলেও তা বন্ধ হয়নি। ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারত স্থল সীমান্ত চুক্তি সাক্ষর করলেও তা বাস্তবায়িত হয়নি এবং ভারতীয় লোকসভায় তা অনুমোদিত হয়নি।
বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতিও বিশাল। তবে মনমোহনের সফরের পর বাংলাদেশের চাওয়ার অনুযায়ী প্রায় সব পণ্য ভারতের বাজারে প্রবেশাধিকার পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২২০৫ ঘ.
bdnews24