ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় পৌঁছানোর এক ঘণ্টার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার বিকাল ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত চলা এই বৈঠকে বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরে বেইজিং থেকে বিকাল পৌনে ৫টায় ঢাকায় পৌঁছান হিলারি। হিলারিকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার প্রায় পৌনে এক ঘণ্টা পর বিমান থেকে নামেন তিনি।
দুই দিনের সফরে আসা হিলারিকে বিমানবন্দরে স্বাগত জানান দীপু মনি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে যোগ দেন হিলারি।
হিলারির সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন- পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোসতাক আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এম আসলাম আলম, জ্বালানি সচিব মো. মেসবাহউদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, অথনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) মুহাম্মদ আবদুল মুহিত এবং সশস্ত্র বাহিনী বিভাগের এক জন প্রতিনিধি।
হিলারির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন। পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী রবার্ট ব্লেক, ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ড্যান মজিনা, দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকর্তা পুষ্পিন্দর ধিলন প্রমুখ।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন তারা। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রীর যৌথ ঘোষণায় অংশীদারি সহযোগিতা বিষয়ক সংলাপের বিষয়টি আসতে পারে।
হিলারির সফরে সন্ত্রাস দমন ও জাতিসংঘ শান্তিরক্ষা থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলে আসছিলেন।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, হিলারির সঙ্গে আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষার বিষয়গুলো প্রাধান্য পাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়টিও তোলা হবে আলোচনায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন তহবিল থেকে অর্থ পাওয়া এবং বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাওয়ার বিষয়টিও আলোচনায় তোলা হবে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় মানবাধিকার ও গ্রামীণ ব্যাংকের বিষয় উঠে আসতে পারে বলে আভাস দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
হিলারির এই সফর বাংলাদেশের প্রতি আমেরিকার সত্যিকার বন্ধুত্ব দেখানোর সুযোগ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং ছাড়ার মুহূর্তে ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমেরিকা যে বাংলাদেশের (উন্নয়নের) সত্যিকার অংশীদার, তা বাংলাদেশ সরকার ও তার ১৬ কোটি জনগণকে দেখানোর একটি সুযোগ তার এ সফর।”
হিলারির এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট-টিআইসিএফএ) সই হওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও তা হচ্ছে না।
দ্বিপক্ষীয় বৈঠকের পর হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন তিনি।
রোববার ব্যক্তিগতভাবে সময় কাটাবেন হিলারি ক্লিনটন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। বিকালে কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমএম/এএইচ/এমআই/১৯২০ ঘ.
bdnews24