২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে ‘ফিরছেন’ বুয়েট শিক্ষকরাও

উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রায় এক মাসের অচলাবস্থার পর প্রধানমন্ত্রীর আশ্বাসে এই ইংগিত দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রায় এক মাসের অচলাবস্থার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের ইংগিত দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকরা। শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের আন্তরিক পরিবেশে কথা হয়েছে। তিনি আমাদের অভিযোগগুলো খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন। তার আশ্বাসের ওপর আমাদের আস্থা রয়েছে।” “আমরা আগামীকাল (শনিবার) শিক্ষক সমিতির সভা করব। সেখানেই কর্মসূচির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে,” যোগ করেন তিনি। এ সময় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শিক্ষক প্রতিনিধিদের কথা ধৈর্য ধরে শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তাদের শনিবার থেকেই ক্লাসে ফিরে যেতে অনুরোধ করেছেন। “প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা কথা দিয়েছেন, তারা পুনরায় শিক্ষা কার্যক্রম শুরু করবেন,” বলেন সচিব। ‘রাজনৈতিক বিবেচনায়’ ডেপুটি রেজিস্ট্রার কামাল আহম্মেদকে ভূতাপেক্ষে নিয়োগ, কর্মকর্তাদের পদোন্নতিতে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ নিয়ে বুয়েট প্রশাসনের সঙ্গে শিক্ষক সমিতির বিরোধের ফলে গত ৭ এপ্রিল থেকে অচল রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্লাস শুরুর দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিন আগে মানববন্ধন করে রাষ্ট্রপতির বরাবরে স্মারকলিপি দিয়েছে। উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক সমিতির তোলা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। একইসঙ্গে শিক্ষক সমিতির দাবি অনুযায়ী ডেপুটি রেজিস্ট্রারের ভূতাপেক্ষ নিয়োগ স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে অচলাবস্থা নিরসনের জন্য বুয়েটের আন্দোলনরত শিক্ষকদের ডেকে পাঠান প্রধানমন্ত্রী। তার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠকে অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে শিক্ষক সমিতির ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সমিতির সহ-সভাপতি মো. মাকসুদ হেলাল, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া ও কোষাধ্যক্ষ আতাউর রহমানও এই প্রতিনিধি দলে ছিলেন। এছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শিক্ষা সচিব সাংবাদিকদের বলেন, বুয়েটে অনিয়মের অভিযোগ তদন্তে বুয়েট সিন্ডিকেট যে তদন্ত কমিটি করেছে তার প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষকদের অন্যান্য দাবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “প্রধানমন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) আন্দোলনরত শিক্ষক ও উপাচার্যকে ডেকে কথা বলেছেন এবং সঙ্কট নিরসনের আশ্বাস দিয়েছেন। কিন্তু উপাচার্যের অপসারণের বিষয়টি রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিষয়। তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।” দীর্ঘদিন অচলাবস্থার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। উপাচার্য শরীফ এনামুল কবিরও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বলেন, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবেন তা মেনে নেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউএম/জেকে/১০৪৫ ঘ.