বাগেরহাট, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর কথা বলে টাকা দাবিসহ এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাগেরহাটে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের শহীদ মিনার সড়ক থেকে কৃষ্ণপদ বিশ্বাসকে (২৬) গ্রেপ্তার করা হয়।
শুক্রবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার কৃষ্ণপদ বিশ্বাস বাগেরহাটের চিতলমারী উপজেলার চর বানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের ননীগোপাল বিশ্বাসের ছেলে। তিনি খুলনার সরকারি বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞান øাতক (সম্মান) প্রথমবর্ষের ছাত্র বলে পুলিশকে জানিয়েছেন।
ঘটনার শিকার ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ এপ্রিল মিলন নামে (গ্রেপ্তার কৃষ্ণ) এক ব্যক্তি নিজেকে যশোর বোর্ডের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করেন। তিনি বলেন- এসএসসি পরীক্ষায় তার যে দু’টি বিষয় খুব খারাপ হয়েছে সেই খাতা দু’টি ওই ব্যক্তির কাছে আছে। পঞ্চাশ হাজার টাকা দিলে তিনি দুই বিষয়েই পাশ করিয়ে দেবেন।
শিক্ষার্থী আরো জানান, পরে তার দুই সহযোগীও তাকে ফোন করে টাকা দিতে বলেন।
এরপর তিনি বিষয়টি পুলিশকে জানান। পুলিশের পরামর্শে তিনি ওই ব্যক্তিকে (মিলন ওরফে কৃষ্ণ) টাকা নিতে বাগেরহাটে আসতে বলেন।
বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, গত ২৯ এপ্রিল মেয়েটি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। এই জিডিই পরে মামলায় রূপান্তরিত করা হয়।
গ্রেপ্তার কৃষ্ণর কাছ থেকে দু’টি বাংলালিংকের সিমসহ একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। ওই দুটি নম্বর থেকে মেয়টিকে ফোন করেছে বলে তিনি জানান।
বাগেরহাট থানায় আটক অবস্থায় কৃষ্ণপদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিটন ও অভি নামে তার অপর দুই বন্ধুসহ মেয়েটির কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আদায় করার চেষ্টা করছিল।
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, “প্রতারণা চেষ্টা ছাড়াও মেয়েটিকে যৌন হয়রানি করেছে বলেও প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি।’
কৃষ্ণের বক্তব্য অনুযায়ী লিটন ও অভিকেও মামলায় আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.
bdnews24