২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ল পাঁচজন

বগুড়া থেকে টাঙ্গাইলে বেড়াতে গিয়ে কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন পাঁচ জন, যারা সবাই পরস্পেরের আত্মীয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

টাঙ্গাইল/বগুড়া, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া থেকে টাঙ্গাইলে বেড়াতে গিয়ে কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন পাঁচ জন, যারা সবাই পরস্পেরের আত্মীয়। সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের কালাই কান্দুর গ্রামের আব্দুল গফফার ফকিরের স্ত্রী আসমা খাতুন (৪০) ও তার মেয়ে শান্তা (১২), বাগরা কলোনী গ্রামের রানা মিয়ার স্ত্রী আলেফা আক্তার (২৮) ও তার ছেলে রাকিব (১০) এবং চক সেকেন্দার গ্রামের মকবুল হোসেনের মেয়ে মামনি (১৩)। তারা সবাই পরস্পরের আত্মীয়। শামীম জানান, উপজেলার হতেয়া গ্রামের লাল মিয়ার ছেলে আব্দুল লতিফের ছেলে হওয়ার খবরে তার শ্বশুরবাড়ির লোকজন বগুড়ার শেরপুর থেকে বাসে এসে সল্লায় নামে। সেখান থেকে পায়ে হেঁটে তারা হতেয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন। “রাত সাড়ে ৯টার দিকে রেললাইন পার হওয়ার সময় মৈত্রী এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহত হয় একজন।” নিহত মামনির বাবা মকবুল হোসেন জানান, তার শ্যালিকা বিলকিস বেগমের ছেলেকে দেখতে ১১ জন আত্মীয় মিলে কালিহাতীর উদ্দেশ্যে রওনা হন তারা। বাস থেকে নেমে গ্রামের দিকে যাওয়ার পথে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় তারা দ্রুত সামনে এগোতে থাকলে সলং এলাকায় হঠাৎ ট্রেনের নিচে পড়েন মকবুলের মেয়েসহ পাঁচজন। রাতেই তাদের লাশ শেরপুরে নিয়ে যাওয়া হলে শাহ বন্দেগী ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার দুপুর পর্যন্ত হাজার হাজার নারী পুরুষ লাশ দেখতে কালাই কান্দুর গ্রামে ভিড় করে। শেরপুর থানার উপ পরিদর্শক আলহাজ উদ্দিন জানান, মকবুল হোসেন নিহতদের পরিবারের পক্ষ থেকে মুচলেকা দিলে লাশ ময়না তদন্ত না করেই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। জুমার নামাজের পর পারিবারিক গোরস্থানে নিহতদের দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৬৫৫ ঘ.