ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলার মামলায় বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন নিহতদের ময়নাতদন্তকারী চিকিৎসক মো. মিজানুল হক।
২০০১ সালের ওই ঘটনার সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক ছিলেন।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামান চিকিৎসকের সাক্ষ্য নিয়ে আগামী ১৫ মে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ঠিক করেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাহিদ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে রাষ্ট্রপক্ষে মোট ৫৪ জনের সাক্ষ্য নেওয়া হলো।
এ আইনজীবী জানান, বৃহস্পতিবার এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা কবীর হোসেনও সাক্ষ্য দিতে আদালতে হাজির ছিলেন। কিন্তু তার সাক্ষ্য আগামী তারিখে নেওয়া হবে বলে বিচারক জানিয়েছেন।
সাত মাস ঝুলে থাকার পরে গত ১৬ এপ্রিল অন্যতম তদন্ত কর্মকর্তা আখতারুজ্জামান ভূইয়ার সাক্ষ্য গ্রহনের মধ্য দিয়ে এই মামলাটি সচল হয়। পরদিন সাক্ষ্য দেন অন্য তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আওলাদ হোসেন।
এ মামলায় গত বছরের ১৫ সেপ্টেম্বর ৫২তম সাক্ষী পুলিশ পরিদর্শক ও অন্যতম তদন্ত কর্মকর্তা আবু ইউনুসের সাক্ষ্য শেষ হয়েছিল। নানা কারণে এরপর সাক্ষ্যগ্রহণ হয়নি।
২০০১ সালের ১৪ এপ্রিল রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে ১০ জন নিহত হন, আহত হন আরো অনেকে। ওই দিনই রমনা থানায় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র চন্দ হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন।
ছয় জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ঘুরে ২০০৮ সালের ২৯ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ ১৪ জনকে আসামি করে দুটি অভিযোগপত্র দাখিল করেন।
আসামিদের মধ্যে আট জন কারাগারে ও একজন জামিনে রয়েছেন। বাকি পাঁচ আসামি পলাতক।
কারাগারে রয়েছেন হরকাতুল জিহাদের নেতা মুফতি আব্দুল হান্নান, মাওলানা সাব্বির, আরিফ হাসান সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, আবু তাহের, আবদুর রউফ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ ইয়াহিয়া।
জামিনে রয়েছেন আকবর হোসেন।
পলাতক পাঁচ আসামি হলেন- মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা আবু বকর, মুফতি শফিকুর রহমান, ও মুফতি আবদুল হাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২২০৫ ঘ.
bdnews24