ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসা সরঞ্জাম তৈরিতে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
বৃহস্পতিবার রাজধানীতে চিকিৎসা সরঞ্জাম নিয়ে তিন দিনের এক প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে ওষুধ শিল্পের ‘ব্যাপক’ প্রসার ঘটেছে।
“কিন্তু প্রযুক্তির দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের চিকিৎসক ও ওষুধ আছে। কিন্তু চিকিৎসা সরঞ্জামের জন্য আমাদের বিদেশের ওপর নির্ভর করতে হয়।”
মেডিটেক্স ২০১২ শিরোনামে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (সিইএমএস) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এতে বিশ্বের ৩৬টি দেশের ৯০টি প্রতিষ্ঠান তাদের মেডিক্যাল পণ্য প্রদর্শন করছে। আগামী ৫ মে পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি মেহেরুন এন ইসলাম বলেন, “চিকিৎসা, হাসপাতাল ও ফার্মাসিউটিক্যাল সরঞ্জাম ও সরবরাহের ক্ষেত্রে বিশ্বমানের প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোগ তারা এখানে তুলে ধরবেন।”
চতুর্থবারের মতো তারা এ প্রদর্শনী করছেন জানিয়ে তিনি বলেন, চিকিৎসা সরঞ্জাম, ডিভাইস ও যন্ত্রপাতি প্রস্তুতকারক বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে তারা এ আয়োজন করছেন।
অভ্যন্তরীণ চাহিদার প্রায় শতকরা ৯৮ ভাগ পূরণের পর ইউরোপ ও আমেরিকার কয়েকটি দেশসহ বিশ্বের অনেক দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসগুলো।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শরফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের ব্যবসা-বান্ধব বিভিন্ন উদ্যোগ দেশের ওষুধ শিল্পের বিকাশে সহায়তা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এএইচ/২২৪৪ ঘ.
bdnews24