তারেকের শাশুড়িকে নোটিস নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
তারেক রহমানের শাশুড়ির সম্পদের বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিসের ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের শাশুড়ির সম্পদের বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের নোটিসের ওপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তা স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন।
তিনি হাই কোর্টের স্থগিতাদেশ আগামী ২৭ মে পর্যন্ত স্থগিত রেখে ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দুদকের আবেদনটি পাঠিয়ে দেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর পক্ষে আদালতে শুনানি করেন ব্যরিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “আদালতের এই আদেশের ফলে দুদকের নোটিস অনুযায়ী কার্যক্রম চলতে আর কোনো বাধা থাকল না।”
গত বছর সম্পদের তথ্য বিবরণী চেয়ে সৈয়দা ইকবাল মান্দ বানুকে নোটিস দেয় দুদক। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদন করলে হাই কোর্ট গত ৩০ জানুয়ারি নোটিশের কার্যকারিতা স্থগিত করে দেয়।
ওই নোটিসের কার্যকারিতা কেন বাতিল ও বেআইনি ঘোষণা করা হবে না- তাও জানতে চায় হাইকোর্ট।
এরপর দুর্নীতি দমন কমিশন হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে যায়।
