চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার থেকে অস্ত্র এনে চট্টগ্রামে বিক্রির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে নগরীর রাজাখালী এলাকা থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিয়ার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে।
জিয়া কক্সবাজারের ঈদগাঁ উপজেলার মধ্যম নাপিতখালী গ্রামের মোহাম্মদ ফয়জুল হকের ছেলে। ছিনতাইয়ের অভিযোগে তার বিরুদ্ধ কোতয়ালী থানার একটি মামলা রয়েছে বলে নেজাম উদ্দিন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছিনতাই মামলার আসামি হিসেবে তাকে ধরার পর ব্যাগ তল্লাশি করে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।”
তিনি জানান, কক্সবাজার থেকে অস্ত্রটি বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জিয়া।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24