২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের ডিসি-এসপিকে তলব

সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে প্রটোকল ও গার্ড অব অনার না দেওয়ায় বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে প্রটোকল ও গার্ড অব অনার না দেওয়ায় বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তলব করেছে হাই কোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। আগামী ৮ মে আদালতে হাজির হয়ে তাদেরকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে আইন অনুযায়ী বিচারপতিদের প্রটোকল ও গার্ড অব অনার দেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এর জবাব জানাতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী সকালে রিট আবেদনটি করেন। আদালতে রিটকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। মনজিল মোরসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, “সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রচলিত আইন অনুসারে জেলা আদালত ভ্রমণকালে প্রটোকল ও গার্ড অব অনার প্রদান করা হচ্ছে না- মর্মে জেলা জজদের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে অভিযোগ করা হয়। আইনের এ ধরনের লংঘন বন্ধে এই রিটটি দায়ের করা হয়।” বিডিনিউজ টেয়েণ্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫৫৪ ঘ.