জয়পুরহাট, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ‘শীর্ষ সন্ত্রাসী’ রকি ও তার সঙ্গীদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাট-হিলি বন্দর সড়ক অবরোধ করেছে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ২ ঘণ্টাব্যাপী অবরোধের সময় পুরানা পৈল এলাকায় জয়পুরহাট-হিলি বন্দর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রকির বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
“গত ১ মে দুপুরে পুরানা পোল বাজারে এমরান হোসেন নামে এক ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে প্রকাশ্যে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রকি ও তার সঙ্গীরা।”
গুরুতর আহত এমরান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান ওসি।
বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫২০ ঘ.
bdnews24