সিরাজগঞ্জ, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট অফিস নির্মাণের জন্য সিরাজগঞ্জ শহরের থানা রোডের বস্তি উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে প্রায় ২৫টি ভূমিহীন পরিবার বাস্তুহারা হয়ে পড়ে।
সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ স্থানে সরকারি উদ্যোগে পাসপোর্ট অফিস স্থাপন করার জন্য উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ভূমিহীন এসব পরিবারকে শহরের বিয়ারাঘাট এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সরকারি খাসজমিতে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অবিলম্বে পুনর্বাসন বাস্তবায়ন করার জন্য দাবি জানান নদীভাঙ্গা বাস্তহারা সমিতির সাধারণ সম্পাদক মসলেম উদ্দিনসহ ভুক্তভোগীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৫১২ ঘ.
bdnews24