খাগড়াছড়ি, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে জমি দখলকে কেন্দ্র করে সহিংসতায় ১০ আহত হয়েছে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা হয়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ৪টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খাগড়াছড়ি সদর সার্কেল এসপি মাহফুজ ঘটনাস্থল পরিদর্শন শেষে বডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে এবং তদন্ত শেষে দোষীদের গ্রেপ্তার করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহারের নেতৃত্বে জমির মালিকসহ শতাধিক লোক লাঠিসোটা নিয়ে সবুজবাগ এলাকায় জমির দখল নিতে আসে। তারা ওই জমিতে থাকা বাড়িঘর ভাংচুর করে এলাকার লোকজনদের আহত করে।
এদিকে হামলা বিষয়ে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল বাহার জানান, তার খালাতো ভাই মো. আজিজের জমিতে দীর্ঘদিন ধরে ৮/১০টি পরিবার অবৈধভাবে বসবাস করে আসছে। আদালত তাদেরকে সরে যেতে বললেও তারা নতুন বসতি গড়ে তুলছে।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে সবুজবাগে জমির দখল নিতে গেলে দখলকারীরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় তার খালাতো ভাই আহত হয়েছে।
ওই জমিতে বসবাসকারী আলাউদ্দীন জানান, একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঘর ভেঙে দেয়। এছাড়া তারা ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হামলাকারীরা দুটি বাড়ি ভাংচুর করে ঘরের টিন কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আরেক বাসিন্দা রোজিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১৪৪৬ ঘ.
bdnews24