নোয়াখালী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুরে প্রবাসী আবু তাহের মিয়ার নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকে কাজ করতে নেমে শ্বাসবন্ধ হয়ে তারা যান বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে।
নিহতরা হলেন- চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে জসিম (২২), আবুল কালামের ছেলে সাদ্দাম (২০) ও জামাল উদ্দিনের ছেলে নিজাম (২৫)।
চৌমুহনী ফায়ার ব্রিগেডের কর্মকর্তা সাহাদাত হোসেন জানান, পানির ট্যাংকটি নতুন হওয়ায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গিয়ে তিন শ্রমিকের শ্বাস বন্ধ হয়ে তারা মারা যায়।
ফায়ার ব্রিগেড ও পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৮৫৩ ঘ.
bdnews24