২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুদল শিক্ষার্থীর সংঘর্ষে ছুরিকাহত ২

বন্দর নগরীর প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষে দুজন ছুরিকাহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ে দুই দল শিক্ষার্থীর সংঘর্ষে দুজন ছুরিকাহত হয়েছেন। পূর্ব ঘটনার জের ধরে বুধবার সকাল ১১ টার দিকে নগরীর ওয়াসা এলাকায় ক্যাম্পাসের সামনে এ সংঘর্ষ বাঁধে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। আহত তানভীর শাহরিয়ার আরেফিন (২২) এবং মনজুর মোর্শেদকে (২২) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনই বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী তৌহিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৭ এপ্রিল পঞ্চম সেমিস্টারের সাইফ উদ্দিন, শহীদ হোসেন, কামরুল ইসলাম, চতুর্থ সেমিস্টারের নাসিম আহম্মেদ সোহেলসহ কয়েকজন চতুর্থ সেমিস্টারের নিক্সন বড়–য়া এবং ষষ্ঠ সেমিস্টারের সুমন সরকারের ওপর হামলা চালায়। এর আগে সুমন সরকার ও নিক্সন বড়–য়াসহ আরো কয়েকজন ছাত্রীদের উত্ত্যক্ততার অভিযোগ এনে সাইফ উদ্দিন, শহীদ হোসেন, কামরুল ইসলাম, নাসিম আহম্মেদ সোহেলের বিরুদ্ধেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নালিশ করেছিল। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কারণ দর্শানোর নোটিসও দেয়। এই কারণে নিক্সন ও সুমনের ওপর হামলা হয় বলে দাবি করেন তৌহিদ। হামলার পর নিক্সন ও সুমন মামলাও করে। তৌহিদ বলেন, মামলা করার কারণে সাইফসহ অন্যরা বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে প্রথমে নিক্সন ও সুমনকে খোঁজাখুজি করে। তাদের না পেয়ে নিক্সন ও সুমনের বন্ধুদের মারধর করে। এই বিষয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবারের সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/এমআই/১৮০৭ ঘ.