নারায়ণগঞ্জ, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার অভিযোগে বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলামের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচারক শফিউল আজম বাদী হয়ে পৃথক এই ৫টি মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
প্রতিটি মামলায় ফখরুল ইসলামকে প্রধান আসামী করা হয়েছে। মামলার অন্য আসামীরা পাচটি ড্রেজারের মালিক এবং অভ্যন্তরীন নৌযান রেজিস্ট্রেশন নারায়ণগঞ্জ কার্যালয়ের অফিস সহকারী আনিসুর রহমান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। দুদকই এর তদন্ত করবে।
শফিউলের করা মামলার এজাহারের উদ্ধৃতি করে ওসি মঞ্জুর জানান, পরস্পর যোগসাজশে সরেজমিন সার্ভে ও ভ্যাট নিরীক্ষাপত্র ছাড়া মিথ্যা রেজিস্ট্রেশন দেখিয়ে আসামীরা লাভবান হয়েছেন। এতে ছয় লাখ ৪০ হাজার ৯১২ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ওসি আরো জানান, ফখরুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরো ৫টি মামলা বিচারাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৬৫৮ ঘ.
bdnews24