২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ২ বাংলাদেশির শিরোচ্ছেদ

আট বাংলাদেশির শিরোচ্ছেদের সাত মাসের মাথায় হত্যার দায়ে দুই বাংলাদেশির একই সাজা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যার অভিযোগে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরোচ্ছেদ হয়েছে। জাজান শহরে মঙ্গলবার ওই দুজনের শিরোচ্ছেদ হয় বলে দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। দণ্ডিতদের নাম আমিন আব্দুল শরিফ ও আব্দুল মজিদ আবু বকর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাংলাদেশি শাহীন মোহাম্মদ কবীরকে হত্যার দায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানায়। অর্থ ও মোবাইল ফোন নেওয়ার উদ্দেশ্যে কবীরকে হত্যা করা হয়েছিল। শরিফ ও বকরকে মঙ্গলবার গ্রেপ্তারের পরপরই আদালত বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার পর তা কার্যকর হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়। কট্টর ইসলামী দেশ সৌদি আরবে এ ধরনের মৃত্যুদণ্ড সাধারণত প্রকাশ্যেই কার্যকর হয়। এর আগে গত অক্টোবরে এক মিসরীয়কে হত্যার দায়ে আট বাংলাদেশির শিরোচ্ছেদ হয়েছিল রিয়াদে। তা নিয়ে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগও জানিয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সৌদি আরবে গত বছর প্রায় ৬০ জনের শিরোচ্ছেদ করা হয়, তাদের মধ্যে ২১ জনই বিদেশি। মৃত্যুদণ্ড পাওয়া বেশিরভাগ বিদেশিই সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করে। তাদের বেশির ভাগের পক্ষে কোনো আইনজীবী থাকে না। তারা আরবিতে আদালতের কার্যক্রমও বুঝতে পারে না। তাদের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও তাদের জানানো হয় না বলে অভিযোগ রয়েছে। খুব কম সময়ই তারা আইনজীবী নিয়োগের সুযোগ পান। সৌদি আরবের দুই কোটি ৭০ লাখ জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশই বিদেশি, বিশেষ করে এশিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২৩৩৫ ঘ.