২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসিড মামলার সাক্ষীও ঝলসালো অ্যাসিডে

নোয়াখালীতে ছোটবোনকে অ্যাসিড নিক্ষেপের মামলায় সাক্ষ্য দেওয়ায় প্রতিপক্ষরা কলেজছাত্রী বড় বোনকে অ্যাসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

আবু নাছের মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নোয়াখালী, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীতে ছোটবোনকে অ্যাসিড নিক্ষেপের মামলায় সাক্ষ্য দেওয়ায় প্রতিপক্ষরা কলেজছাত্রী বড় বোনকে অ্যাসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে সদর উপজেলার মতিপুরে কলেজছাত্রী সেলিনা আক্তারের বাড়িতে সিঁদ কেটে ঢুকে দুর্বৃত্তরা তার ওপর অ্যাসিড ছোড়ে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী। সেলিনা (১৭) নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। আহত অবস্থায় প্রথমে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার বনানীর এসিড সারভাইভারস ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়েছে। সেলিনার মা মাজেদা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১০ সালের ১৫ জুন একইভাবে তার ছোটমেয়ে মাদ্রাসাছাত্রী ফারহানা আক্তার (১৫) অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। তখন এলাকার বখাটে শাহজাহান সুনাম, ইয়াসিন আরাফাত সজিব, শরীফ বিহারী, গিয়াস উদ্দিন রাজু, মাহমুদ ও পারভেজের নামে মামলা হয়। সেই মামলায় সাক্ষ্য দিয়েছিলেন সেলিনা। মামলার আসামিরা চার দিন আগে জামিনে ছাড়া পায়। ছাড়া পেয়েই মেয়েকে অ্যাসিডে ঝলসে দিয়েছে বলে অভিযোগ করেন মাজেদা। মাজেদা সাংবাদিকদের কাছে অভিযোগ জানানোর সময় পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারীও সেখানে ছিলেন। মাজেদার ছয় মেয়ে। প্রবাসী স্বামী সৌরভ হোসেন গত বছর মারা যান। ভাইদের সহায়তায় এখন পরিবার চলে বলে জানান তিনি। মাজেদা পুলিশ সুপারের সামনেই নোয়াখালী হাসপাতালে চিৎকার করে বলতে থাকেন, “এই দেশে কোনো বিচার নেই। আমার ছোটমেয়ে কোনো বিচার পায়নি, এখন বড়মেয়েকে অ্যাসিড দিয়েছে। আমাদের বেঁচে থেকে লাভ কী? আমি সব মেয়েকে নিয়ে বিষ খেয়ে মরব।” হাসপাতালের চিকিৎসক মাহাবুব রহমান জানান, সেলিনার মুখমণ্ডল, ঘাড় ও পিঠ ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের পর সাংবাদিক-পুলিশ ও উপস্থিত হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সহায়তায় একটি অ্যাম্বুলেন্সে করে সেলিনাকে ঢাকায় পাঠানো হয়। এসপি হারুনুর রশীদ হাযারী সাংবাদিকদের বলেন, সেলিনার মা বাদি হয়ে ওই ছয় যুবককে আসামি করে সুধারাম থানায় একটি মামলা করেছেন। দুপুরে মামলার ৩ নম্বর আসামি শরীফ বিহারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, “মামলার সব আসামিকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। জামিনে এসে আসামিরা আবার একই ঘটনা ঘটালো।” ফারহানা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই বখাটেরা সেলিনাকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। আগেও তারা সেলিনাকেই এসিড দিতে গিয়েছিলো, কিন্তু ভুলে তার গায়ে অ্যাসিড ছুড়ে মারে। এরপর মামলা তুলে নেওয়া ও সাক্ষ্য না দেওয়ার জন্য বখাটেদের পরিবার ও সঙ্গীরা অনেকবার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন ফারহানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/২০৩৫ ঘ.