২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সংহতি জানিয়ে জাবির সাবেক ছাত্রদের কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকায় সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকায় সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষকরা অংশ নেন। সমাবেশে বক্তারা উপাচার্যের পদত্যাগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার বিচার বিভাগীয় তদন্ত এবং জাকসুসহ সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানান। সমাবেশে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, জহাঙ্গীরনগর ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতির শিকার হতে হচ্ছে। দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে অস্থিরতা প্রশমনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি। সমাবেশে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক ওয়াসিফ, উন্নয়নকর্মী আহসান হাবীব রিয়াদ, শশাঙ্ক বরণ রায় প্রমুখ। শশাঙ্ক রায় বলেন, “কিছু সংখ্যক সুবিধাভোগী শিক্ষক ও পেটোয়া ছাত্র সংগঠনের সহায়তায় চেয়ারে পাথর হয়ে বসে রয়েছেন একজন স্বৈরাচারী উপাচার্য। পদত্যাগ না করলে তাকে অপসারণে বাধ্য করা হবে।” সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এস এম শুভ, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১০ ঘ.